বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না
ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং লেনদেনে সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বিকাশ, রকেট ও নগদসহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) গ্রাহক একবারে সর্বোচ্চ এক হাজার টাকা লেনদেন করতে পারবেন এবং এক দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (৯৬ ঘণ্টা) এমএফএস ও এনপিএসবি’র আওতাধীন আইবিএফটি’র মাধ্যমে পি-টু-পির লেনদেনের অপব্যবহার রোধে এই সীমাবদ্ধতা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিল পরিশোধের নিয়ম অপরিবর্তিত থাকবে।
বর্তমানে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। তবে নির্বাচনী সময়ে এই লেনদেন সীমা উল্লেখিতভাবে সীমিত হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচনী সময় এমএফএস লেনদেনে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। সব ধরনের লেনদেন সার্বক্ষণিক ক্লোজ মনিটরিং-এর আওতায় আনা হবে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।
আরও পড়ুন: ৭ দিনে প্রবাসী আয় এলো ৯৬৭৩ কোটি টাকা
একইসঙ্গে নির্বাচনী ৯৬ ঘণ্টায় পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি) সম্পূর্ণ বন্ধ থাকবে এবং এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিশ্চিত করবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








