দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার এক ভরি মূল্য ৫ হাজার ৪২৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়। নতুন দাম সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম: ২২ ক্যারেট: ২,৫১,১৮৪ টাকা প্রতি ভরি, ২১ ক্যারেট: ২,৩৯,৭৫৪ টাকা প্রতি ভরি, ১৮ ক্যারেট: ২,০৫,৫২০ টাকা প্রতি ভরি, সনাতন পদ্ধতি: ১,৬৮,১৯৫ টাকা প্রতি ভরি।
বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।
গত ২ ফেব্রুয়ারি বিকেলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। চলতি বছরে দেশের বাজারে সোনার দাম এখন পর্যন্ত ২৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৫ বার বেড়েছে, ৮ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল।
আরও পড়ুন: দেশের রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম এখন ৬ হাজার ৩৫৭ টাকা। চলতি বছরে রুপার দাম ১৫ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৯ বার দাম বাড়ানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








