News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:১৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬

দেশের রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল

ফাইল ছবি

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ ২৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২ ফেব্রুয়ারি) দিন শেষে দেশের রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

এর আগে, গত ১৫ জানুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩২ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী তখন রিজার্ভের পরিমাণ ছিল প্রায় ২৮ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। তারও আগে, ৮ জানুয়ারি রিজার্ভ ছিল ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল প্রায় ২৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। তবে আকুর দায় বাবদ ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমে যায়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আরও বলেন, বর্তমানে দেশের মোট রিজার্ভ প্রায় ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে তা দাঁড়িয়েছে প্রায় ২৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে।

আরও পড়ুন: বাজারে আসছে নতুন ডিজাইনের ১০ টাকার নোট

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত তিন অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক বাজারে প্রায় ৩৪ বিলিয়ন ডলার বিক্রি করেছে। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলার, ২০২২-২৩ অর্থবছরে ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং ২০২৩-২৪ অর্থবছরে ১২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার বিক্রি করা হয়। তবে একই সময়ে ব্যাংকগুলোর কাছ থেকে কেনা হয়েছে মাত্র এক বিলিয়ন ডলারের মতো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়