ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও কঠোর ও সাহসী হতে হবে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত
ঋণ দেওয়ার ক্ষেত্রে গ্রাহকের আর্থিক সক্ষমতা যাচাই করে অর্থায়ন এবং খেলাপি ঋণ আদায়ে আরও কঠোর ও সাহসী হওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০২৬–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ব্যাংকগুলোকে অবশ্যই ঋণগ্রহীতার পরিশোধ সক্ষমতা বিবেচনায় নিয়ে ঋণ দিতে হবে। একই সঙ্গে খেলাপি ঋণ আদায়ে কোনো ধরনের দ্বিধা না করে সাহসী ভূমিকা নিতে হবে। তিনি বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে পারলে বৈদেশিক খাত আরও মজবুত হবে।
তবে শুধু বড় ব্যবসায়ীদের পেছনে না ছুটে ব্যাংকগুলোকে এসএমই খাতে ঋণ বিতরণের হার বাড়ানোর আহ্বান জানান তিনি। গভর্নর বলেন, কিছু ক্ষেত্রে অনুৎপাদনশীল মনে হলেও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতের গুরুত্ব অপরিসীম।
এদিকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সরকারের অধীনে কাজ করা কঠিন হলেও পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে, যদিও পুরোপুরি সফল হওয়া সম্ভব হয়নি। সামনে আরও চ্যালেঞ্জ আসতে পারে, তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।
আরও পড়ুন: দেশের বাজারে সোনার দাম কমল
রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতা আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, এসব উপেক্ষা করার সুযোগ নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়মনীতি মেনে জনগণকে সেবা দিতে হবে।
তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই ও মাঝারি শিল্প খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব খাতকে এগিয়ে নিতে ব্যাংকগুলোর ভূমিকা আরও বাড়াতে হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








