News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৬, ২৯ মে ২০২৬

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

ফাইল ছবি

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। প্রত্যাশিতভাবেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্বে থাকছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর হবে ৩৮ বছর বয়সী এই তারকার ষষ্ঠ বিশ্বকাপ।

২০২২ সালে কাতারে বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ খেলোয়াড়ই জায়গা পেয়েছেন এবারের স্কোয়াডে। তাদের মধ্যে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।

বিশ্বকাপজয়ী মূল দলের ওপরই আস্থা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। গুঞ্জন থাকলেও অবসর ভেঙে দলে ফেরানো হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই অভিজ্ঞ ফুটবলার।

ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপ মিস করা মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবার সুযোগ পেয়েছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।

দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলারও আছেন, যাদের আর্জেন্টিনার ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, জোসে ম্যানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

তবে ইনজুরি ও ফর্ম বিবেচনায় দলে জায়গা হয়নি মার্কোস আকুনা, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মার্কোস সেনেসি ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার।

আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। এরপর জর্ডান ও অস্ট্রিয়ার মুখোমুখি হবে তারা।

আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ দল

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

ডিফেন্ডার:
লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা।

আরও পড়ূন: মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনলে বাংলাদেশ

মিডফিল্ডার:
লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড:
লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়