স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২০, ২৬ মে ২০২৬

মেসির চোট নিয়ে স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি

মেসির চোট নিয়ে স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে ক্লাবের শেষ ম্যাচ খেলতে গিয়ে চোটের কারণে আলোচনায় আসেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ককে শিরোপা ধরে রাখার মিশনে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে মেডিকেল রিপোর্টে স্বস্তির খবর মিলেছে।

সোমবার ইন্টার মায়ামি জানায়, মেডিকেল পরীক্ষায় মেসির গুরুতর কোনো চোট ধরা পড়েনি। তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কেবল পেশিতে টান বা অতিরিক্ত চাপের সমস্যা দেখা গেছে।

তবে কবে মাঠে ফিরতে পারবেন আর্জেন্টাইন এই তারকা, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানায়নি ক্লাবটি।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলের জয়ের ম্যাচে ৭৩তম মিনিটে বাঁ ঊরু চেপে ধরে মাঠ ছাড়েন মেসি। পরে সরাসরি লকার রুমে চলে যান তিনি।

এক বিবৃতিতে মায়ামি জানায়, ‘সোমবার অতিরিক্ত মেডিকেল পরীক্ষার পর প্রাথমিকভাবে দেখা গেছে, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তির সঙ্গে অতিরিক্ত চাপের সংযোগ রয়েছে।’

মেসির ফেরার সময় নিয়ে ক্লাবটি বলেছে, ‘শারীরিক কর্মকাণ্ডে তার ফিরে আসার সময়সীমা মূলত তার ক্লিনিকাল ও কার্যকারিতার অগ্রগতির ওপর নির্ভর করবে।’

এদিকে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো–ও দিয়েছেন স্বস্তির খবর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিশ্বকাপের আগে মেসি কেবল অস্বস্তিতে ভুগছেন, তবে গুরুতর কোনো চোট পাননি।

আরও পড়ুন: ব্রাজিলের আইকনিক ১০ নম্বর জার্সি কার, নেইমার নাকি ভিনিসিয়ুস?

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। পাঁচ দিন পর নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী সপ্তাহে দলটির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়