জাতীয় দলে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রেভর
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যুক্ত হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার ট্রেভর ইসলাম। ২১ বছর বয়সী এই ফুটবলারের জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে, বর্তমানে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া চলছে।
জামাল ভূঁইয়া, তারেক কাজী ও হামজা চৌধুরীদের ধারাবাহিকতায় জাতীয় দলে যোগ দিতে যাচ্ছেন আরেক প্রবাসী ফুটবলার ট্রেভর। গত বছরের ডিসেম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ শুরু হয় এবং চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি জন্মনিবন্ধনের কাজ শেষ হয়।
বিষয়টি প্রথম প্রকাশ করেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ তথ্য জানান। একইদিন শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ গণমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রেভর ইসলামকে নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি।
ফাহাদ করিম জানান, ট্রেভর বর্তমানে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়-এ পড়াশোনা করছেন এবং একইসঙ্গে ফুটবল খেলছেন। তার ভাষায়, “তিনি শুধু ভালো খেলোয়াড়ই নন, ভালো ছাত্রও- যা একটি বিরল সমন্বয়।”
তিনি আরও বলেন, ট্রেভর নিজেই বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করতে ফুটবল ফেডারেশনের সহযোগিতা চেয়েছেন।
বাফুফের টেকনিক্যাল বিভাগের মতামত তুলে ধরে ফাহাদ করিম বলেন, ট্রেভরের অন্তর্ভুক্তি জাতীয় দলের আক্রমণভাগে শক্তি যোগাবে বলে তারা মনে করছেন।
তবে একাডেমিক ব্যস্ততার কারণে ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপে তার খেলা অনিশ্চিত। তবুও বাফুফে তার কাগজপত্রের কাজ এগিয়ে নিচ্ছে। ফাহাদ করিম জানিয়েছেন, এক মাসের মধ্যেই পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।
আরও পড়ুন: আনকোরা কিউইদের কাছে ২৬ রানে হারলো বাংলাদেশ
বর্তমানে ট্রেভর ইসলাম যুক্তরাষ্ট্রের কলেজভিত্তিক শীর্ষ ফুটবল প্রতিযোগিতা এনসিএএ-তে খেলছেন, যা তার ফর্ম ধরে রাখার ক্ষেত্রে ইতিবাচক বলে মনে করছে বাফুফে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








