News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১২, ১৬ এপ্রিল ২০২৬

বিসিবিতে নতুন গতি, আসছে ‘ক্যাপ্টেন্স কার্ড’ ও ‘হেলথ কার্ড’

বিসিবিতে নতুন গতি, আসছে ‘ক্যাপ্টেন্স কার্ড’ ও ‘হেলথ কার্ড’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে সাম্প্রতিক পরিবর্তনের পর স্থবিরতা স্থবিরতা কাটিয়ে দেশের ক্রিকেটে বইতে শুরু করেছে নতুন হাওয়া। 

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় তার সাহসী ও কার্যকর পদক্ষেপে দেশের ক্রিকেট অঙ্গনে ফিরেছে দীর্ঘ প্রতীক্ষিত প্রাণচাঞ্চল্য।

বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজন ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তামিম ইকবালের উদ্যোগে তা অনেকটাই কেটে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

বিসিবি সূত্র অনুযায়ী, আগামী ১৮ ও ১৯ এপ্রিল ডিপিএলের দলবদল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের শীর্ষ ১২টি ক্লাব ইতোমধ্যে এই ট্রান্সফার প্রক্রিয়ায় অংশ নিতে সম্মত হয়েছে। ফলে ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রধান এই আসরটি মাঠে গড়ানোর পথ অনেকটাই সুগম হয়েছে।

আরও পড়ুন: দায়িত্বের দ্বিতীয় দিনেই ক্রিকেটারদের মুখে হাসি ফোটালেন তামিম

এদিকে তামিম ইকবালের নেতৃত্বে বোর্ডে নতুন কিছু উদ্যোগ ঘিরে ক্রিকেট মহলে আলোচনা তৈরি হয়েছে। সাবেক অধিনায়কদের সঙ্গে বর্তমান বিসিবি প্রধানের একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার একটি হোটেলে সাবেক জাতীয় অধিনায়কদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় বসবেন বিসিবির নতুন সভাপতি।

সূত্র আরও জানিয়েছে, ওই বৈঠকে সাবেক অধিনায়কদের সম্মান জানিয়ে ‘ক্যাপ্টেন্স কার্ড’ নামে একটি বিশেষ সুবিধা চালুর ঘোষণা দিতে পারেন তামিম ইকবাল। এই কার্ডটি দেশের সব সাবেক ও বর্তমান জাতীয় অধিনায়কদের জন্য প্রযোজ্য হতে পারে, যারা আন্তর্জাতিক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন।

এই কার্ডের মাধ্যমে সংশ্লিষ্ট অধিনায়কদের জন্য নির্দিষ্ট কিছু বিশেষ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এছাড়া ৫০ বছর বা তার বেশি বয়সী সাবেক অধিনায়কদের জন্য আলাদা একটি ‘হেলথ কার্ড’ সুবিধা চালুর বিষয়টিও আলোচনায় রয়েছে।

তবে ‘ক্যাপ্টেন্স কার্ড’ কিংবা ‘হেলথ কার্ড’ কোনো উদ্যোগ নিয়েই এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়