News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ১১ ডিসেম্বর ২০২৫

বিয়ের প্রলোভনে ধর্ষণ, ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে আদালতে অভিযোগ

বিয়ের প্রলোভনে ধর্ষণ, ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে আদালতে অভিযোগ

ফাইল ছবি

বাংলাদেশ ‘এ’ দলের পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে এই ক্রিকেটারের বিরুদ্ধে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এবং গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম গত ৩০ নভেম্বর ঢাকার আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পুলিশ কর্মকর্তা সামিউল ইসলাম গণমাধ্যমকে জানান, ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়ায় ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন যে, সাক্ষীরা আদালতে হাজির হয়ে ঘটনার সত্যতা প্রমাণ করবেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সঙ্গে তোফায়েলের পরিচয় হয়। ঘনিষ্ঠতা তৈরি হলে তোফায়েল প্রেমের প্রস্তাব দেন। তরুণী রাজি না হওয়ায় তিনি তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে সম্পর্ক স্থাপন করেন। এই আশ্বাসের ভিত্তিতে, গত ৩১ জানুয়ারি ঘুরতে যাওয়ার নাম করে তোফায়েল তরুণীকে গুলশানের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে তাকে আরও একাধিকবার ধর্ষণ করা হয়।

আরও পড়ুন: আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি, বাদ সাকিব

তদন্তকারী সংস্থা চার্জশিটে উল্লেখ করেছে যে, ধর্ষণের ঘটনাটি মামলার ছয় মাস আগে ঘটায় কোনো আলামত জব্দ করা সম্ভব হয়নি। মামলার বাদী নিজেও কোনো আলামত উপস্থাপন করেননি। তবে হোটেলে রক্ষিত রেজিস্ট্রেশন স্লিপ এবং তরুণী ও আসামির পাসপোর্টের কপি জব্দ করা হয়েছে। ডিএনএ রিপোর্টে ভ্যাজাইনাল সোয়াবে বীর্যের উপস্থিতি না পাওয়া গেলেও, প্রথম দিনের ঘটনা, হোটেল বুকিং কপি, ধর্ষণের মেডিক্যাল রিপোর্টসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত ১ আগস্ট গুলশান থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান তোফায়েল রায়হান। একইসঙ্গে তাকে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে জানা গেছে, আগাম জামিনের মেয়াদ শেষ হলেও তিনি আদালতে আত্মসমর্পণ করেননি।

ভুক্তভোগী তরুণী গণমাধ্যমকে জানান, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে। তিনি বিষয়টি সমাধানে তোফায়েলের পরিবারের কাছে গিয়েও ফল পাননি এবং এক পর্যায়ে বিসিবি প্রেসিডেন্টকে লিখিত অভিযোগ দিয়েও কোনো আশ্বাস পূর্ণ হয়নি। তিনি আদালতে ন্যায় বিচার প্রত্যাশা করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানিয়েছেন, আগামী ৩০ ডিসেম্বর মামলাটির পরবর্তী দিন ধার্য রয়েছে। ওইদিন অভিযোগপত্রটি আনুষ্ঠানিকভাবে আদালতে উপস্থাপন করা হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়