যুক্তরাষ্ট্র ও কানাডায় রমজান শুরুর সম্ভাব্য ১৮ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত
উত্তর আমেরিকা ও কানাডায় ২০২৬ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা (এফসিএনএ)।
সংস্থাটির জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হবে ১৮ ফেব্রুয়ারি বুধবার থেকে।
এই হিসাবে উত্তর আমেরিকার মুসলিম ধর্মপ্রাণরা ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত থেকেই তারাবির নামাজ আদায় করবেন। একইভাবে, এক মাস সিয়াম সাধনার পর ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রতি বছরের মতো এবারও বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করে আগাম এই ক্যালেন্ডার প্রকাশ করেছে স্বাধীন ধর্মীয় প্রতিষ্ঠান ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা। সংস্থাটি চন্দ্রমাস নির্ধারণে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে শরিয়তসম্মত পদ্ধতি হিসেবে বিবেচনা করে।
এফসিএনএ ইউরোপিয়ান কাউন্সিল অব ফাতওয়া অ্যান্ড রিসার্চের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী জানিয়েছে, নতুন মাস শুরু হতে হলে সূর্যাস্তের সময় চাঁদ ও সূর্যের কৌণিক দূরত্ব কমপক্ষে ৮ ডিগ্রি এবং দিগন্তের ওপরে চাঁদের উচ্চতা অন্তত ৫ ডিগ্রি হতে হবে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যাস্তের আগেই রমজানের নতুন চাঁদের জন্ম হবে এবং ওই দিনেই নির্ধারিত শর্ত পূরণ হবে। ফলে ১৮ ফেব্রুয়ারি বুধবার থেকেই হিজরি ক্যালেন্ডারের নবম মাস রমজান গণনা শুরু হবে।
শাওয়াল মাসের ক্ষেত্রেও একই ধরনের গাণিতিক বিশ্লেষণ করেছে এফসিএনএ। ১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে এবং সে সময় চাঁদের অবস্থান দৃশ্যমান হওয়ার উপযোগী থাকবে। এর ফলে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে সংস্থাটি জানিয়েছে।
তবে ঈদুল আজহার তারিখ নির্ধারণের ক্ষেত্রে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার পরিবর্তে সৌদি আরবের মক্কায় হজ কর্তৃপক্ষ ঘোষিত আরাফার দিনের ওপর নির্ভর করা হবে। আরাফার পরদিনই যথারীতি ঈদুল আজহা পালিত হবে।
আরও পড়ুন: চলতি বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬৫৮০ বাংলাদেশি
উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা একটি অলাভজনক ও স্বাধীন প্রতিষ্ঠান। এটি যুক্তরাষ্ট্র ও কানাডার মুসলিমদের ধর্মীয় দিকনির্দেশনা প্রদান করে আসছে। সংস্থাটি তাদের ঘোষণার শেষাংশে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করেছে।
আগাম এই ঘোষণার ফলে উত্তর আমেরিকার মুসলিমরা রমজান ও ঈদের প্রস্তুতি আগেভাগেই গ্রহণ করতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








