রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৭, ২৩ মে ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে ‘কটূক্তি’ ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম আজিজুল হক খান এ নোটিশ পাঠান।  শনিবার (২৩ মে) তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আইনজীবী এ কে এম আজিজুল হক খান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে আইনি নোটিশের অনুলিপি প্রকাশ করেন।

নোটিশে উল্লেখ করা হয়, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। তার এ বক্তব্য দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলেও নোটিশে দাবি করা হয়।

এতে আরও বলা হয়, এ ধরনের আপত্তিকর বক্তব্য দেওয়ার কারণে কেন তার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

আইনজীবী এ কে এম আজিজুল হক খান বলেন, দায়িত্বশীল রাজনৈতিক অবস্থানে থেকে দেশের প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়