ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতের বক্তব্য সম্পূর্ণ অপপ্রচার: বিএনপি
ছবি: সংগৃহীত
বিএনপিকে নিয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেছেন , ভারতের সঙ্গে বিএনপির কোনো ধরনের চুক্তির অভিযোগের ন্যূনতম বাস্তবতা বা সত্যতা নেই।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে ৯০ নম্বর রোডে অবস্থিত বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, একটি রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যে দাবি তুলেছেন, সেটি একটি মিডিয়ার বরাতে বলা হয়েছে। কিন্তু সেই দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দিতে পারেননি এবং পারবেনও না। কারণ এমন কোনো তথ্য বাস্তবে নেই।
তিনি আরও বলেন, এটি বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যে একটি রাজনৈতিক অপকৌশল। আর যদি ভুল তথ্যের ভিত্তিতে এ বক্তব্য দিয়ে থাকেন, তাহলে সেটি অজ্ঞতা। অপকৌশল হোক বা অজ্ঞতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ সম্পূর্ণ অপপ্রচার।
বিএনপির রাজনীতি বাংলাদেশপন্থি উল্লেখ করে মাহদী আমিন বলেন, বিএনপির রাজনীতি মানেই ‘সবার আগে বাংলাদেশ’। আমাদের নেতা তারেক রহমানের রাজনীতির মূল দর্শন হচ্ছে দেশের সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতা ও জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রাখা।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রসঙ্গে তিনি বলেন, এই কার্ডের নামে যদি কোথাও কেউ টাকা দাবি করে, সেটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অপরাধ। একটি প্রতারক চক্র বিতর্ক তৈরির উদ্দেশ্যে কিছু এলাকায় এমন অপচেষ্টা করছে।
তিনি জানান, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সম্পূর্ণ বিনামূল্যে এবং যথাযথ ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় উদ্যোগে পৌঁছে দেওয়া হবে। এ বিষয়ে কেউ প্রতারণার চেষ্টা করলে দলকে অবহিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় মাহদী আমিন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতেই আকাশপথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি রাত ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছে সেখানে রাত্রিযাপন করবেন।
আগামী রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি স্থানীয় একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশ নেবেন। সেখানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও পরিবেশসহ বিএনপির বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।
আরও পড়ুন: তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ মিথ্যা: রিজভী
এরপর তিনি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে ধারাবাহিক নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন। দিনশেষে তিনি ঢাকায় নিজ বাসভবনে ফিরবেন।
সিলেট সফরের মতো এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী নেতাদের একটি অংশ তার সফরসঙ্গী থাকবেন বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি








