হঠাৎ অসুস্থ পাটওয়ারী, ভোটের প্রচারণা স্থগিত
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক এবং ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী টানা গণসংযোগের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থতার কারণে শনিবার (২৪ জানুয়ারি) তার নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এদিন সকাল সোয়া ৯টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ শেষ করার পর প্রার্থী শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।
শামিল আবদুল্লাহ বলেন, এই মুহূর্তের জন্য আজকের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি সুস্থ অনুভব করলে আবার কর্মসূচি শুরু হবে, ইনশাআল্লাহ। পরবর্তী কর্মসূচির সময় ও স্থান ম্যাসেজের মাধ্যমে জানানো হবে।
এর আগে শনিবার সকালে শান্তিনগর বাজারে এক গণসংযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারা ভয় দেখাতে আসবে, আমরা ধৈর্য ও শান্তির সঙ্গে তাদের মোকাবিলা করবো।”
প্রারম্ভিক পরিকল্পনা অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি ও নয়াপল্টনে গণসংযোগ; জোহরের নামাজ পুরানা পল্টন মসজিদে; দুপুর ২টা ৩০ মিনিটে লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনী পথসভা; আসরের নামাজ বায়তুল মোকাররমে এবং পরে মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগ করার কথা ছিল।
আরও পড়ুন: ২০ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান
তবে অসুস্থতার কারণে এসব কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








