News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৬, ২৩ জানুয়ারি ২০২৬

‘কেবল ধানের শীষের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব’

‘কেবল ধানের শীষের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব’

ছবি: সংগৃহীত

কেবল ধানের শীষের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তার দাবি, বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক শক্তির কাছে দেশ পরিচালনার পরীক্ষিত সক্ষমতা নেই।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল টহরী বাজারে নির্বাচনি গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শে গড়ে ওঠা একটি দল যে দলের সঙ্গে মানুষের আবেগ, বিশ্বাস ও আত্মিক সম্পর্ক জড়িয়ে আছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি দল দাড়িপাল্লা প্রতীকে ভোট চাইছে। কিন্তু তারা কখনো রাষ্ট্রক্ষমতায় গিয়ে জনগণের জন্য কোনো কাজ করেনি। বিপরীতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে বারবার উন্নয়ন করেছে। তাই বিএনপি একটি পরীক্ষিত দল হিসেবে আবারও জনগণের কাছে ভোট চাইছে।

আরও পড়ুন: নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চলছে: মির্জা ফখরুল

তিনি সরকারে থাকাকালীন বিএনপির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরে বলেন, অতীত অভিজ্ঞতা স্পষ্টভাবে প্রমাণ করে বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো বিকল্প কোনো শক্তি বর্তমানে নেই। সে কারণেই তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

গত ১৫ বছরের নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল উপস্থিত ভোটারদের প্রশ্ন করেন, তারা কি সত্যিকার অর্থে ভোট দিতে পেরেছেন? জবাবে ভোটাররা জানান, তারা ভোট দিতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, কখনো ভোটের আগের রাতেই ভোট হয়ে গেছে, আবার কখনো ভোটের বাক্সই সরিয়ে নেওয়া হয়েছে এটাই ছিল গত ১৫ বছরের বাস্তবতা। তবে এবার জনগণের সামনে একটি নতুন সুযোগ এসেছে।

আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, শেখ হাসিনা ভারতে চলে গেছেন তিনি চলে গিয়ে ভালোই করেছেন। কিন্তু যারা তাকে সমর্থন করতেন, তাদের তিনি বিপদের মুখে ফেলে গেছেন। 

তিনি আশ্বাস দেন, যারা নিরপরাধ এবং কোনো অন্যায় করেননি, তারা কেউ বিপদে পড়বেন না। বিএনপি তাদের পাশে থাকবে এবং অন্যায় না করলে কাউকে শাস্তির মুখোমুখি হতে দেওয়া হবে না।

সম্প্রীতির বার্তা দিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি নিজ এলাকায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করেন এবং উন্নয়নের স্বার্থে সবাইকে নিয়ে এগোতে চান। সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য।

তিনি আরও বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে হিন্দু-মুসলমান বিভাজন সৃষ্টি করতে চায়। কিন্তু এ দেশে বিভাজনের কোনো সুযোগ নেই। যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়