নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চলছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে (৪২) গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাশাপাশি নানা ধরনের অরাজকতায় জড়াচ্ছে। তিনি বলেন, হাসান মোল্লার ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া জরুরি, অন্যথায় তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।
বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো জরুরি বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র জনগণ মেনে না: ফখরুল
বিবৃতিতে বিএনপি মহাসচিব হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে তিনি হাসান মোল্লাসহ আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








