News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৩, ২৩ জানুয়ারি ২০২৬

উন্নয়ন-গণতন্ত্রের ধারক বিএনপি: সালাহউদ্দিন

উন্নয়ন-গণতন্ত্রের ধারক বিএনপি: সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের অঙ্গীকার বাস্তবায়নে একটি শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সবার মূল আকাঙ্ক্ষা ছিল দেশে একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা। 

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। 

তিনি বিএনপিকে বাংলাদেশের পক্ষের শক্তি উল্লেখ করে বলেন, যারা বিদেশি শক্তির দালালি করেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে, আর যারা এখনো বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, জনগণ তাদের আর সুযোগ দেবে না। 

সভায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান তুলে তিনি বলেন, সব নীতি ও সিদ্ধান্তে বাংলাদেশের স্বার্থই সর্বাগ্রে গুরুত্ব পাবে। সেই লক্ষ্যেই ১২ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: শহীদদের আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার ববি হাজ্জাজের

এদিকে, একই দিনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় লবণক্ষেত্র পরিদর্শনে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বর্তমানে মাঠে লবণ উৎপাদনের মৌসুম চলছে, তাই পেকুয়া উপজেলার লবণক্ষেত্রে ব্যস্ত শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেন, কুশলবিনিময় করেন এবং সেলফিও তুলেন। সকাল ১০টার দিকে মগনামা লঞ্চঘাট এলাকায় এই দৃশ্য দেখা যায়। তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার দ্বিতীয় দিনে লবণ শ্রমিকদের কাছে যান।

এ সময় তিনি বলেন, বিএনপির আমলে আমরা লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করেছিলাম। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আবার ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এখন অস্থায়ী সরকার ক্ষমতায় রয়েছে। তাদের বলে আপাতত লবণ আমদানি বন্ধ করা হয়েছে। 

নিজ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি ছাড়া কেউ জনগণের কল্যাণ নিশ্চিত করে না। ক্ষমতায় গেলে বিএনপি লবণচাষিদের স্বার্থে কাজ করবে। চাষিদের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ধানের শীষের পক্ষে সবাইকে রায় দিতে হবে।

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ছরওয়ার আলম কুতুবী। 

জেলা নির্বাচন অফিসের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, কক্সবাজার-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন, যার মধ্যে পুরুষ ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন এবং নারী ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন। 

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৪৯০ জন এবং পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫৯৯ জন। এই সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ১৭৫টি এবং মোট বুথ (কক্ষ) ১ হাজার ৬টি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়