শহীদদের আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার ববি হাজ্জাজের
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা-১৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আদর্শ ধারণ করে পথচলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
নির্বাচনী প্রচারণার শুরুতেই তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মাহামুদুর রহমান সৈকতের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
ববি হাজ্জাজ বলেন, শহীদ মাহামুদুর রহমান তরুণ সমাজের সাহস, ন্যায়বোধ ও আত্মত্যাগের উজ্জ্বল প্রতীক। তার মতো তরুণদের আত্মত্যাগ ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা যোগায়।
তিনি শহীদদের আদর্শ ধারণ করে পথচলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ঢাকা-১৩ আসনের জনগণের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানান।
আরও পড়ুন: নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র জনগণ মেনে না: ফখরুল
মাহামুদুর রহমান চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে মোহাম্মদপুরে শহীদ হন। তিনি সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। ববি হাজ্জাজ তার পরিবারকে আশ্বস্ত করেন যে, শহীদদের আদর্শ ধরে রেখে তার রাজনৈতিক পথচলা অব্যাহত থাকবে। এরপর তিনি ধানের শীষ প্রতীকে ভোট চাইতে শুরু করেন।
এরপর ববি হাজ্জাজ জাফরাবাদ এলাকায় সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত ভক্ত ও অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুপুর পৌনে ১২টার দিকে শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও এলাকায় গিয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে ২৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। কার্যালয় উদ্বোধনের পর পশ্চিম আগারগাঁও আবাসিক এলাকায় গণসংযোগ করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/পলি








