News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৩, ২১ জানুয়ারি ২০২৬

একদিনে ৭ সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

একদিনে ৭ সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত

সিলেট শহর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একদিনেই তিনি দেশের সাতটি জেলায় পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে তিনি হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি।

এরপর একই দিনে তারেক রহমান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা এবং নারায়ণগঞ্জের গাউসিয়ায় আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

ড. মাহাদী আমিন জানান, সব সমাবেশ শেষে বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও গণঅভ্যুত্থানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনবদ্য ভূমিকা রেখেছেন। তাদের ত্যাগের স্বীকৃতি হিসেবে বিএনপি চেয়ারম্যান তার সফরগুলোতে পর্যায়ক্রমে ত্যাগী শীর্ষ নেতাদের সফরসঙ্গী হিসেবে যুক্ত করবেন।

সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে থাকছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ কয়েকজন তরুণ নেতা। পরবর্তী সফরগুলোতেও ত্যাগী নেতাদের সম্পৃক্ত করা হবে।

এদিকে নির্বাচনী প্রচারণার সূচনা উপলক্ষে বুধবার রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে বিএনপির নির্বাচনী থিম সং উদ্বোধন করা হবে। এতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী, প্রধান সমন্বয়ক ইসমাইল জবিহউল্লাহসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা  

ড. মাহাদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের প্রতি আচরণবিধি পালনের আহ্বান জানাচ্ছে।

তিনি জানান, সিলেট সফরের পর তারেক রহমানের পরবর্তী সফর হবে চট্টগ্রামে, যা পরে বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জাকরিয়া, জুবায়ের বাবু, মোস্তাকুর রহমান এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়