তারেক রহমানের সঙ্গে রাশিয়া ও নরডিক রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন এবং নরডিক অঞ্চলের তিন দেশ—সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সকালবেলায় প্রথমে নরডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। পরে দুপুর ১২টার দিকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব এবং চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির জানান, আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এবং বাংলাদেশের উন্নয়ন নিয়ে তার ভাবনার প্রতিও তারা আগ্রহী। এই প্রেক্ষিতেই চারটি দেশের রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
হুমায়ুন কবির বলেন, এসব সাক্ষাৎ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ভবিষ্যতে কীভাবে কাজ করা যায়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় আসতে পারলে, দলের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে কীভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক অঙ্গনে কার্যকরভাবে কাজ করা যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিনি আরও বলেন, রাষ্ট্রদূতরা বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা আশাবাদী যে এই নির্বাচনের পর বাংলাদেশ একটি গণতান্ত্রিক যাত্রার দিকে এগিয়ে যাবে। তবে বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, রাষ্ট্রদূতদের বিশ্বাস, বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং একটি সুযোগ তৈরি হয়েছে, যার মাধ্যমে দীর্ঘ সময় পর জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে। তিনি বলেন, যেভাবে বাংলাদেশের মানুষ আগ্রহ নিয়ে নির্বাচনের অপেক্ষায় আছে, সেভাবেই আন্তর্জাতিক মহলেও এই নির্বাচন নিয়ে একটি স্পষ্ট আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।
এসব বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
নিউজবাংলাদেশ.কম/পলি








