News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

আজীবন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন খালেদা জিয়া: রিজভী

আজীবন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন খালেদা জিয়া: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া আজীবন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি হিমালয়ের মতো দৃঢ় অবস্থানে ছিলেন।

রবিবার (০১ ফেব্রুয়ারি) ভাসানী জনশক্তি পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টার চত্বরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া চাইলে নিজে ও পরিবারের জন্য বিলাসী জীবন বেছে নিতে পারতেন, বিদেশে গিয়ে রাজকীয় জীবনযাপনও করতে পারতেন। কিন্তু তিনি সারা জীবন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলেও কোনো ধরনের দুর্নীতি তাকে স্পর্শ করতে পারেনি। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাবন্দি রেখে পরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ সঠিক লক্ষ্যে পৌঁছাবে। ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় এনে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান তিনি।

শোকসভায় প্রধান বক্তব্যে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মা। তিনি আজীবন গণতন্ত্র রক্ষার সংগ্রামে আপসহীন থেকেছেন, জেল-নির্যাতন সহ্য করেছেন, তবু কখনো আপোস করেননি।

মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস ও জামিল আহমেদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, ভাসানী নারী মুক্তিপার্টির সদস্য সচিব শাহানা বেগম, বংশাল থানা সভাপতি ইমরুল হাসান ওয়াসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন: ‘পাহারা রাখবেন ভোট কেন্দ্রে যেন কেউ গোলমাল করতে না পারে’

শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাসানী জনশক্তি পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হক।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়