News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

হ্যাক হওয়া পোস্টে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি: জামায়াত আমির

হ্যাক হওয়া পোস্টে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

হ্যাক হওয়া পোস্টের জন্য মা-বোদের কাছে ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, 'হ্যাক হওয়া পোস্টে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারা আমার ভেরিফায়েড ‘এক্স’ হ্যান্ডেল হ্যাক করেছিল। পরে সেখান হতে মায়েদের নিয়ে নোংরা মন্তব্য ছড়াচ্ছিল। একটা দল দেখলাম হৈ হৈ রৈ রৈ করে মিছিল শুরু করে দিয়েছে। যারা মায়েদের সম্মান করতে জানে না, তারাই মিছিল শুরু করলো।'

রবিবার (০১ ফেব্রুয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, 'নারীদের বিভিন্ন জায়গায় অসম্মান করা হচ্ছে। যারা নারীদের অসম্মান করে তারা চার পায়ের জন্তু। নারীদের ‘মা’ সম্বোধন করে তিনি বলেন, মায়েদের বিভিন্ন জায়গায় অসম্মানিত করা হচ্ছে। যারা করছেন তারাও মায়ের সন্তান। তাদের প্রতি আমাদের অনুরোধ— আপনারা আপনাদের মা-স্ত্রী, বোনকে সম্মান করতে শিখুন।'

ডা. শফিকুর রহমান বলেন, ‘নিজের পরিবারকে সম্মান করতে জানলে ৯ কোটি মাকে সম্মান করতে পারবেন। যারা নারীদের অসম্মান করে তারা অমানুষ। সমাজে নৈতিক অবক্ষয় বাড়ছে। নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।’

এ জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান।

আরও পড়ুন: ‘নির্বাচনের দুই দিন আগে বহিরাগতদের এলাকা ছাড়ার ব্যবস্থা নিতে হবে’

এ সময় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ডক্টর সামিউল ফারুক, কেন্দ্রীয় করম পরিষদ সদস্য, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন, ঢাকসু জিএস এস এম ফরহাদ, ছাত্রশিবির কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহী, জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মণ,  এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুরের আহবায়ক মামুনুর রহমান, সাবেক জেলা জামায়াতের আমির ডাক্তার শাহাদাৎ হোসেন, খেলাফত মজলিসের শেরপুরের সভাপতি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা শফিকুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা রমিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়