দেশের ও মানুষের উন্নয়নে বিএনপি বিশ্বাসী: তারেক রহমান
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি দেশের ও মানুষের উন্নয়নে বিশ্বাসী। কীভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয় সে অভিজ্ঞতা বিএনপির রয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) রাত ১১টায় কুমিল্লার সোয়াগাজীর ডিগবাজী মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের উন্নয়ন এবং মানুষের ভাগ্যের পরিবর্তন করা।
তিনি বলেন, ১৯৭১ সালে এ দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। সে বছর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আর ২০২৪ সালে এই স্বাধীনতা রক্ষার জন্য মানুষ আবারও জীবন দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪১৯ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এর বাইরে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছেন। জুলাই যোদ্ধারাই আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে।
বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে নারীদের জন্য ফ্রি শিক্ষাব্যবস্থা চালু করেছে। বহু কৃষকের ঋণ মওকুফ করেছে। বিএনপি দেশের ও মানুষের উন্নয়নে বিশ্বাসী। আমাদের জানা আছে কীভাবে দুর্নীতি দমন করতে হয়, কীভাবে শিক্ষার্থী ও তরুণ যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। আমরা সেই পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে যাব এবং মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব।
তিনি আরও বলেন, আমরা অন্য রাজনৈতিক দলের সমালোচনা করতে চাই না। আমরা মানুষের উন্নয়নের কথা বলতে চাই। কীভাবে উন্নয়ন করতে হয়, সেই পরিকল্পনাই মানুষের সামনে তুলে ধরছি।
আরও পড়ুন: চট্টগ্রামে উন্নয়ন ও পরিবর্তনের রূপরেখা তুলে ধরলেন তারেক রহমান
সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, দলের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ দলের নেতৃবৃন্দ।








