আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে উদারপন্থি গণতন্ত্র চাই। নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন।
রবিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
এর আগে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন মির্জা ফখরুল। এ সময় ভোটাররা বিগত সময়ে নির্যাতন, নিপীড়ন ও জমি দখলের নানা অভিযোগ তুলে ধরেন।
এসব অভিযোগের প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, আমি এর আগেও পৌরসভার চেয়ারম্যান থাকাকালে আপনাদের জন্য কাজ করেছি, সংসদেও আপনাদের প্রতিনিধিত্ব করেছি। আমাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আপনারা আমার পরিবারকেও ভালোভাবে চেনেন। বাবা-দাদার জমি বিক্রি করে রাজনীতি করেছি আপনাদের আমানতের খেয়ানত করবো না। আপনাদের সব সমস্যার স্থায়ী সমাধান করতে চাই।
তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় দুর্বৃত্তদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল। বিএনপি ক্ষমতায় এলে এ ধরনের অপশাসন আর চলবে না। দলের কেউ যদি দুর্বৃত্তায়নে জড়িত হয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
বিএনপি মহাসচিব বলেন, আমরা দেশে উদারপন্থি গণতন্ত্র চাই। নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করতে চাই। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাবে।
তিনি জানান, যুবকদের কর্মসংস্থানের জন্য অতীতেও বিএনপি কাজ করেছে, ভবিষ্যতেও করবে।
আরও পড়ুন: চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম
এ ছাড়া বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য সার সংকট থাকবে না বলে আশ্বাস দেন মির্জা ফখরুল। পাশাপাশি তিনি বলেন, পরিবারের মা ও বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার পাশাপাশি চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ থাকবে। এই কার্ড হবে মা-বোনদের জন্য এক ধরনের নিরাপত্তার অস্ত্র,, বলেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








