তরুণদের সঙ্গে আলোচনায় ‘ভাইয়া’ ডাকার পরামর্শ দিলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে চট্টগ্রাম ও আশপাশের ৫০টি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৩৪০-এর বেশি শিক্ষার্থী অংশ নেন।
আলোচনায় তারেক রহমান বলেন, বর্তমান সময়ে দলের ইয়ুথ ফোর্স সবচেয়ে বড় সুবিধা, যা আগামী ১৫-২০ বছর দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ পরিচালনায় তরুণদের অংশগ্রহণ জরুরি এবং তাদের প্রশ্ন শোনার জন্য তিনি খোলা মনে ছিলেন।
এক শিক্ষার্থী ‘স্যার’ হিসেবে সম্বোধন করলে তারেক রহমান তাকে ‘ভাইয়া’ বলে ডাকতে বলেন। তিনি জানান, আঙ্কেল ডাকতে পারেন, কিন্তু ‘ভাইয়া’ বলা বেশি উপভোগ্য।
শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, দেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকঋণে জটিলতা রয়েছে। বিএনপি নির্বাচিত হলে আইন সংশোধনের মাধ্যমে তাদের সহায়তা করা হবে। পাশাপাশি বিদেশে পড়াশোনা করতে চাওয়া শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন দেয়ার ভাবনা রয়েছে।
চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের এক শিক্ষার্থী জলাবদ্ধতা, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে বিএনপির পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, বড় শহরগুলোতে জলাবদ্ধতা কাটাতে খাল খনন করতে হবে। তার পরিকল্পনা অনুযায়ী, সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে জনসভা শুরুর আগে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান
দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে আসা তারেক রহমান নগরীর পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। সমাবেশে অংশ নিতে ভোর থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে। চট্টগ্রামের সমাবেশ শেষে তারেক রহমান ফেনী, কুমিল্লা, সোনাগাজী, দাউদকান্দি ও কাঁচপুরে একাধিক নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








