চট্টগ্রামে জনসভা শুরুর আগে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার সকাল ১০টা থেকে নগরীর র্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
এই মতবিনিময় সভায় চট্টগ্রাম নগর ও আশপাশের অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে চারশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার সিলেটে নির্বাচনি প্রচারযাত্রা শুরুর আগে তরুণদের সঙ্গে একই ধরনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান।
দলীয় সূত্র জানায়, রবিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এরপর বিকাল সাড়ে ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সুয়াগাজীর ডিগবাজী মাঠে, সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাহ মাঠে এবং রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুরমাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসনে কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার দিন বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আই হ্যাভ আ প্ল্যান।” দেশে ফেরার এক মাসের মাথায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দিচ্ছেন তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান
উল্লেখ্য, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। এবার বিএনপির চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে গেলেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








