৭ জেলায় সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাত জেলায় নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ শেষে ভোরে ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশে অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই প্রায় ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ শেষ করে গভীর রাতে গুলশানের বাসায় ফিরেছেন তারেক রহমান। তিনি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকায় রাত ৪টার কিছু সময় পর শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। এরপর ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
এর আগে, বেলা ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা এবং রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে রাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে শেষ সমাবেশে বক্তব্য দেন তিনি।
আরও পড়ুন: জামায়াতের একজন লোকও হিন্দুদের জায়গা দখল করেনি: ডা. তাহের
নির্বাচনী সমাবেশগুলোতে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিমদের সম্মানি ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








