নির্বাচনী সফরে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযানে অংশ নিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট পৌঁছেছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার কিছু সময় পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
দলীয় সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৭ ফ্লাইটে তিনি সিলেটের উদ্দেশে যাত্রা করেন। তার সফরসঙ্গী হিসেবে স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও বিএনপির জ্যেষ্ঠ ও তরুণ পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে অংশ নিতেই তারেক রহমান সিলেট সফরে এসেছেন। সফরের অংশ হিসেবে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসানসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা। বিমানবন্দর এলাকা ও আশপাশে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: একদিনে ৭ সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান
সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে সড়কপথে তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান। এরপর খাদিমনগরে অবস্থিত হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে। মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে প্রয়াত শ্বশুর মাহবুব আলী খানের বাড়িতে কিছু সময় অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান। রাতযাপনের জন্য তারেক রহমান সিলেট নগরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অবস্থান করবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধনের পর প্রথমবারের মতো তারেক রহমান শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। দীর্ঘ ২১ বছর পর তিনি দ্বিতীয়বারের মতো সেখানে যাচ্ছেন।
দলীয় সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এ জনসভার মাধ্যমে চেয়ারম্যান হিসেবে এটিই হবে তার প্রথম জনসভা। অতীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেট থেকেই নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করছেন।
সিলেট সফর শেষে তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর এলাকা সংলগ্ন স্থান এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেট নগরীতে মাইকিং, মিছিল ও সভা-সমাবেশের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝেও নির্বাচনী প্রচার শুরুর এই কর্মসূচি ঘিরে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








