News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৫, ২০ জানুয়ারি ২০২৬

বিপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের

বিপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের

ছবি: সংগৃহীত

যেকোনো বিপদে-আপদে কড়াইল বস্তিবাসীর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে ক্ষমতায় গেলে বস্তিবাসীদের আবাসন সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ এবং মালিকানা হস্তান্তরেরও ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (২০ জানুয়ারি) মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত এক দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

দোয়া-মোনাজাতের আগে তিনি বলেন, যেসব মা-বোনদের জন্য বেগম খালেদা জিয়া ফ্রি শিক্ষার ব্যবস্থা করেছিলেন, তাদের অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলতে চাই। এজন্য ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। তবে সবকিছু নির্ভর করবে একমাত্র রব্বুল আলামিনের রহমতের ওপর।

আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে রাশিয়া ও নরডিক রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

তিনি আরও যোগ করেন, আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ হচ্ছেন রহমানুর রাহিম। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, আল্লাহ যদি আমাদের রহম করেন, তাহলেই আমরা আমাদের পরিকল্পনায় সফল হতে পারব।

তারেক রহমান বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ সুযোগ দিলে আপনারা যে থাকার কষ্ট ভোগ করছেন, তা ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে উঁচু-উঁচু বিল্ডিং নির্মাণ করা হবে। যেসব মানুষ এখানে বসবাস করেন, তাদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট করা হবে এবং সেসব ফ্ল্যাট তাদের নামে দেওয়া হবে।

এ সময় তিনি আরও জানান, কড়াইলবস্তিবাসীদের জন্য উন্নত মানের শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়