নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী
ছবি: সংগৃহীত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা সরকার ও নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ এখন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় এবং এই পরিবেশ নিশ্চিত করার দায়ভার সরকারের ওপরই বর্তায়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব এমনভাবে পালন করা উচিত, যাতে তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে, নানা কারণে ও বিভিন্ন আচরণে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মানুষের মনে একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে।
আরও পড়ুন: ‘ক্ষমতায় গেলে শহীদ-আহত পরিবারকে পুনর্বাসিত করবে বিএনপি’
তিনি উল্লেখ করেন, বিগত ১৫ থেকে ১৬ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফলে এখন জনগণের প্রত্যাশা হলো—ভয় ও চাপমুক্ত পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা।
রুহুল কবির রিজভী আশঙ্কা প্রকাশ করে বলেন, তার মনে হচ্ছে নির্বাচন কমিশন সামগ্রিকভাবে এখনো পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না।
তিনি বলেন, সবকিছু ঠিক করতে হলে নির্বাচন কমিশনকে দৃঢ়হস্তে এবং ন্যায়সংগতভাবে কাজ করতে হবে। কোনো পক্ষের দিকে ঝুঁকে পড়লে জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা পুরনো আশঙ্কাগুলোই আবার সত্য প্রমাণিত হবে বলে তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং আয়োজকরা।
নিউজবাংলাদেশ.কম/পলি








