News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ১৯ জানুয়ারি ২০২৬

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর এক বনেদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা রসায়নবিদ মনসুর রহমান এবং মাতা জাহানারা খাতুন রানী। পাঁচ ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার ডাকনাম ছিল কমল।

১৯৫৩ সালে তিনি তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। মহান মুক্তিযুদ্ধে তিনি অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং একটি স্বতন্ত্র সেক্টরের দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বেই গড়ে ওঠে জেড ফোর্স, যা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ২৫ আগস্ট জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত হন। একই বছরের ৭ নভেম্বর তিনি রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। পরবর্তীতে ১৯৭৬ সালের ২৯ নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী একদল সেনাসদস্যের হাতে তিনি নিহত হন।

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে তার মাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সব পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। আগামীকাল বেলা ১১টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।

এ ছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিট পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: এনসিপির নাহিদ ও পাটওয়ারীকে শোকজ

এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ জিয়া ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রনায়ক। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান জীবদ্দশায় দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে উত্তরণের দিশা দেখিয়েছেন। রণনায়ক হিসেবে তিনি ছিলেন দেশবাসীর কাছে সমাদৃত ও সম্মানিত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়