এনসিপির নাহিদ ও পাটওয়ারীকে শোকজ
নাহিদ ইসলাম ও মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তা। তারা হলেন- ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী।
রবিবার (১৮ জানুয়ারি) ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী পৃথক চিঠির মাধ্যমে তাদের শোকজ করেন।
নাহিদ ইসলামকে পাঠানো চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে তার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি সংবলিত এবং ‘দেশ সংস্কারের গণভোট-হ্যাঁ’র পক্ষে থাকুন’ স্লোগানযুক্ত বিলবোর্ড রিটার্নিং কর্মকর্তার নজরে এসেছে। এসব বিলবোর্ড জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থী।
চিঠিতে সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ উল্লেখ করে বলা হয়, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। এ অবস্থায় আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।
আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এদিকে, ঢাকা-৮ আসনের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাঠানো চিঠিতেও একই অভিযোগ আনা হয়েছে। চিঠিতে বলা হয়, ঢাকা-৮ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাঁর বড় আকারের ছবি, ‘ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী’ পরিচয় এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগান সংবলিত বিলবোর্ড আচরণবিধি লঙ্ঘন করেছে।
তাকেও আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণ এবং সকাল ১১টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








