News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫১, ১৮ জানুয়ারি ২০২৬

ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল

ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল 

নির্বাচন কমিশনের (ইসি) কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হতে পারে। তবে বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সমাধান করলে কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে ইসিতে আসেন মির্জা ফখরুল। তাঁর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। বৈঠক শেষে সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত তথ্য শেয়ার করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ভোটারদের কাছে পৌঁছানো পোস্টাল ব্যালট ত্রুটিপূর্ণ এবং নির্দিষ্ট একটি দলকে সুবিধা দেওয়ার লক্ষ্যেই এটি তৈরি হয়েছে। অনতিবিলম্বে প্রতীক সংবলিত সঠিক ব্যালট পেপার সরবরাহ করতে হবে। এছাড়া ভোটারদের এনআইডি, বিকাশ নম্বর এবং মোবাইল নম্বর সংগ্রহের উদ্দেশ্য নিয়েও আমরা সংশয় প্রকাশ করছি।

তিনি আরও বলেন, প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আচরণবিধি ভঙ্গ করে একতরফা প্রচারণা চালানো হচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তর করা হয়েছে। এই স্থানান্তরের পূর্ণাঙ্গ তালিকা আমরা চেয়েছি।

বিএনপি মহাসচিব কমিশনের প্রতি আহ্বান জানান, পক্ষপাতমূলক কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়া হোক। সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং ব্যালট পেপারসহ নির্বাচন প্রক্রিয়ার কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করতে হবে।

আরও পড়ুন: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই কমিশন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে এর জন্য কমিশনকে তাদের ত্রুটি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়