দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত: জাইমা রহমান
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেছেন, দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত।
রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জাইমা রহমান বলেন, আজ এখানে যারা উপস্থিত, সবাই একরকম নই। আমাদের আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন। তারপরও আমরা একসঙ্গে বসেছি, আলোচনা করছি কারণ আমরা সবাই দেশের ও দেশের মানুষের কথা ভাবছি। এই ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলা ও একে অপরের কথা শোনা এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
তিনি আরও বলেন, ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি। নীতিনির্ধারণী পর্যায়ে এটি আমার প্রথম বক্তব্য। আমি এমন কেউ নই, যার কাছে সব প্রশ্নের উত্তর বা সব সমস্যার সমাধান আছে। তবুও আমি বিশ্বাস করি, নিজের ছোট জায়গা থেকেও সমাজ ও দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার থাকা উচিত। আজ আমি এসেছি শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে।
নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে জাইমা রহমান বলেন, জনসংখ্যার অর্ধেককে একপাশে রেখে বাংলাদেশ বেশিদূর এগিয়ে যেতে পারবে না।
আরও পড়ুন: ‘ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ করবে বিএনপি’
অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বলেন, নারীদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো ‘অ্যাকসেস টু ফাইন্যান্স’। নারী উদ্যোক্তারা, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তারা, ঋণ পেতে নানা সমস্যার মুখে পড়েন। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তাদের এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, নারীরাই অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতিচ্ছবি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশে নারীরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলেও মন্তব্য করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








