News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৬, ১৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:৪৭, ১৩ ডিসেম্বর ২০২৫

কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না ভাবনা হচ্ছে: রিজভী

কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না ভাবনা হচ্ছে: রিজভী

কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ঘটনার পরও সরকার কেন সতর্ক হলো না- এমন প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নানা ঘটনায় কৌতূহল হচ্ছে, কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না এটি সবাইকে ভাবিয়ে তুলছে।’

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভায় রিজভী বলেন, ‘গতকাল শুক্রবার মর্মান্তিক ও মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। হাদিকে গুলি করা হয়েছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ। তাদের সময়ে এতো সন্ত্রাসী কী করে বাড়লো, কোথা থেকে তারা রাজত্ব করছে। এখন তো সবার শান্তিপূর্ণভাবে বসবাস করার কথা।’

আরও পড়ুন: ড. ইউনূসের সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ

তিনি আরও বলেন, ‘ভয়াবহ বিভীষিকা পেরিয়ে সবাই যে অন্তর্বর্তী সরকারের সমর্থন দিলো, তারা কেন ব্যর্থ হলো। চট্টগ্রামের ঘটনার পরও সরকার কেন সতর্ক হলো না। কেউ ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে কি না, সে প্রশ্ন এখন সামনে আসছে।’

হাদির ওপর হামলার পরপর একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে নানা কথা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘নানা ঘটনায় কৌতূহল হচ্ছে, কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না এটি সবাইকে ভাবিয়ে তুলছে।’

গতকাল শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়