News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন

তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চীনা দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই অভিনন্দন জানান তিনি। বার্তায় বাংলাদেশের নতুন সরকারকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে চীন।

অভিনন্দন বার্তায় লি কিয়াং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অধিকারী এবং একে অপরের কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। দুই দেশের এই নিবিড় সম্পর্কের ইতিহাস অনেক পুরোনো। গত ৫১ বছরের কূটনৈতিক সম্পর্কের পথচলায় উভয় দেশ সর্বদা পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে কাজ করেছে। 

লি কিয়াং বলেন, চীন ও বাংলাদেশের মধ্যকার এই সম্পর্ক পারস্পরিক লাভজনক সহযোগিতা এবং উন্নয়নমূলক বিনিময়ের এক চমৎকার উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ‘দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল’

চীনা প্রধানমন্ত্রী তার বার্তায় নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, চীন সরকার নতুন এই সরকারকে সুষ্ঠু, মসৃণ ও স্থিতিশীলভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সব ধরনের সমর্থন প্রদান করবে। 

তিনি বিশ্বাস করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নযাত্রা আরও বেগবান হবে এবং এই শাসনব্যবস্থা জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে লি কিয়াং জানান, দুই দেশের দীর্ঘদিনের অটুট বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে উচ্চমানের 'বেল্ট অ্যান্ড রোড' উদ্যোগের আওতায় সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা হবে। 

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন, যাতে চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করা সম্ভব হয়। এই সহযোগিতামূলক সম্পর্ক দুই দেশের জনগণের জন্য আরও সুফল ও সমৃদ্ধি বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়