নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি
ড. নাসিমুল গনি। ফাইল ছবি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিকভাবে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ড. নাসিমুল গনি ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে তিনি জামালপুর জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক এবং বাংলাদেশ টেলিভিশন ও নিপোর্টের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মো. জমির উদ্দিন সরকারের একান্ত সচিব, মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবেও দায়িত্বে ছিলেন।
ড. নাসিমুল গনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করার সময়ে দেশের স্কুল, কলেজ ও মাদরাসার ভৌত-অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
আরও পড়ুন: শপথ গ্রহণে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ১২০০ অতিথি আমন্ত্রিত
তিনি ২০২৪ সালের ২২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








