News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

শপথ গ্রহণে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ১২০০ অতিথি আমন্ত্রিত

শপথ গ্রহণে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ১২০০ অতিথি আমন্ত্রিত

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথগ্রহণকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

শপথ অনুষ্ঠানটি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আয়োজনের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

এদিন নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ নেবেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন। দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন, এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রায় ১২০০ দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

এর পাশাপাশি নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার এবং যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা-এর উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: নির্বাচনে জয়লাভে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জাপানের

আইন উপদেষ্টা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও আমন্ত্রিত রয়েছেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়