এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে ইসি
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: সংগৃহীত
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, চিঠি আজই পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সংসদ সদস্যদের শপথ পড়ানোর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, একই দিন বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো জারি হয়নি।
ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির শরিকরা পেয়েছে তিনটি আসন।
আরও পড়ুন: ত্রয়োদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল: রাশিয়ার পর্যবেক্ষক
অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








