ত্রয়োদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল: রাশিয়ার পর্যবেক্ষক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ছিল বলে মন্তব্য করেছে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)। আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও আইনসম্মত হিসেবে উল্লেখ করেছে সংস্থাটির প্রতিনিধি দল।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ১১-১২ ফেব্রুয়ারি রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (সিইসি) প্রতিনিধি দল কমিশনার পাভেল আন্দ্রেয়েভের নেতৃত্বে ঢাকা সফর করে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেয় তারা।
রাশিয়ান পর্যবেক্ষকরা ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি ভোটকেন্দ্রের অধীনে ৪০টিরও বেশি ভোটকক্ষ পরিদর্শন করেন। ভোটগ্রহণ শুরুর সময় থেকে গণনার প্রস্তুতি পর্যন্ত প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হয়।
পর্যবেক্ষকদের মতে, ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকে সন্তানদের সঙ্গে ভোটকেন্দ্রে এসেছেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কেবল ব্যালটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভোট পরিচালনায় নির্বাচন কর্মকর্তারা সুদৃঢ় প্রস্তুত ছিলেন। প্রতিটি কেন্দ্রে জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং ভোটগ্রহণ কর্মকর্তা ও দলীয় পোলিং এজেন্টদের সমন্বিত উপস্থিতি স্বচ্ছতা নিশ্চিত করেছে।
রাশিয়ার পর্যবেক্ষকদের মতে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। নির্বাচনে ৯ লাখের বেশি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন ছিলেন। আয়োজকরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা হলেও তা সার্বিক পরিস্থিতিতে প্রভাব ফেলেনি।
ভোট গণনার প্রস্তুতি পদ্ধতিগতভাবে সম্পন্ন হয় এবং পোলিং এজেন্টদের উপস্থিতি ও ভিডিও নজরদারির মাধ্যমে প্রক্রিয়া পরিচালিত হয়।
এদিকে, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে পাভেল আন্দ্রেয়েভ নির্বাচনের মানদণ্ড ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। সেখানে রাশিয়ার সিইসির চেয়ারম্যান এলা পামফিলোভার পক্ষ থেকে আসন্ন স্টেট ডুমা নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশি প্রতিনিধিদের আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: নতুন সরকারের শপথে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে রাশিয়ার সিইসি ও বাংলাদেশের নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতা স্মারক কার্যকর রয়েছে। এছাড়া ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশি নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








