News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের পরিস্থিতি শান্তিপূর্ণ ও আশাব্যঞ্জক: ইসি সচিব

ভোটের পরিস্থিতি শান্তিপূর্ণ ও আশাব্যঞ্জক: ইসি সচিব

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকাল শুরু থেকে ভোটের পরিস্থিতি শান্তিপূর্ণ এবং আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে নিজের ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ইসি সচিব বলেন, এত বছরের চেষ্টায় আজ আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারছি। আমরা একটি আবেগঘন পরিবেশে ভোট দিচ্ছি। এটি সবার চেষ্টার ফল। আসুন, আমরা সবাই ভোট প্রদান করি। 

তিনি আরও জানান, সকাল ১০টা থেকে ভোটের হারের হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে। ভোট শুরু হওয়ার পর এ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন: বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন আজ: ইইউ প্রতিনিধি

সারা দেশে ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে। তবে ভোর থেকেই ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে। দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষের ব্যবস্থা করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন; দলীয় প্রার্থী ৬৩ জন, স্বতন্ত্র ২০ জন।

মোট ২৯৯ আসনের জন্য দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

একটি বিশেষ ঘটনায়, জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে এই আসনটি বাদে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়