News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন আজ: ইইউ প্রতিনিধি

বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন আজ: ইইউ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বাংলাদেশে গণতন্ত্রের এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশজুড়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। উৎসবমুখর পরিবেশ ও নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীসহ দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ভোটগ্রহণের শুরুতেই রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। 

ভোট শুরুর প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বড় একটি দিন। নির্ধারিত সময়ে স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগ্রহণ শুরু হওয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আশা ব্যক্ত করেন যে, সারা দেশেই একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্যবেক্ষক দলটি দিনভর মাঠপর্যায়ে পুরো নির্বাচনী প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলেও তিনি নিশ্চিত করেন।

ভোটগ্রহণ শুরু হওয়ার প্রায় আধাঘণ্টা আগে থেকেই ইইউ পর্যবেক্ষক দলটি কেন্দ্রে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় রিটার্নিং কর্মকর্তা তাদের সামনে ব্যালট বাক্স উল্টে–পাল্টে দেখানোর পর ভোটগ্রহণের জন্য প্রস্তুত করেন। পরে নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলে ইভার্স ইজাবস জানান, নির্ধারিত সময়েই নির্বাচন শুরু হয়েছে এবং তারা সকালে ভোটগ্রহণ শুরু হতে দেখেছেন।

আরও পড়ুন: সকালেই ভোটযুদ্ধ শুরু, ২৯৯ আসনে একযোগে নির্বাচন ও গণভোট

তিনি আশা প্রকাশ করেন, শুধু রাজধানী নয় সারা দেশেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দিনের বাকি সময়েও পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি।

কেন্দ্রটির প্রথম ভোটার রিতা খন্দকার গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন পর ভোট দিতে পারছি, খুবই এক্সাইটেড লাগছে। দুর্নীতিমুক্ত ও যোগ্য নেতৃত্ব আসুক যে-ই আসুক দেশের ভালো চাই। 

তিনি আরও জানান, এর আগে তিনি গণভোটেও অংশ নিয়েছেন।

সকাল থেকেই কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটারদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে সকাল থেকে কেন্দ্রে ছুটছেন ভোটাররা। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সারি দীর্ঘ হচ্ছে; পুরুষ ও নারী ভোটারদের লাইন অনেক ক্ষেত্রে স্কুলের ফটক পেরিয়ে ফুটপাত পর্যন্ত পৌঁছেছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। জামায়াতের এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ২১ হাজার ২৭৩টি সাধারণ এবং ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছেন মোট ২ হাজার ২৮০ প্রার্থী; এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। পুরুষ প্রার্থী ১ হাজার ৯৪৬ জন এবং নারী প্রার্থী ৮৩ জন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ১৯ হাজার ২৮০ জন সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ১ লাখ ৩ হাজার, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩, বিজিবি ৩৭ হাজার ৪৫৩, র‍্যাব ৯ হাজার ৩৪৯, কোস্টগার্ড ৩ হাজার ৫৮৫, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ এবং বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০ জন সদস্য দায়িত্ব পালন করছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়