News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪০, ৮ ফেব্রুয়ারি ২০২৬

৪৩ হাজার ভোটকেন্দ্রেই থাকবে গোয়েন্দা নজরদারি: প্রেস সচিব

৪৩ হাজার ভোটকেন্দ্রেই থাকবে গোয়েন্দা নজরদারি: প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সারা দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতেই গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, প্রযুক্তিগত সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রস্তুতির মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

প্রেস সচিব বলেন, প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিই গোয়েন্দা নজরদারির আওতায় থাকবে। শুধু প্রকাশ্য নিরাপত্তা নয়, প্রযুক্তিগত সব ধরনের সহায়তাও সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করা হচ্ছে।

তিনি জানান, এবারের নির্বাচনে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও সক্রিয়ভাবে মাঠে থাকবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

শফিকুল আলম বলেন, মূল লক্ষ্য হচ্ছে দ্রুততম সময়ে রেসপন্স করা এবং যে কোনো পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা ও পুনরুদ্ধার করা, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের মানুষ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট দেবেন। 'আমরা বিশ্বাস করি, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ইতিহাসে ভোটের উৎসব আবার ফিরে আসবে', বলেন তিনি।

আরও পড়ুন: ভোটের আগের দিন বাস চলবে, ভোটের দিন অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে

প্রেস সচিব আরও বলেন, ব্যাপক নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রস্তুতির মাধ্যমে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে বলে সরকার দৃঢ়ভাবে আশাবাদী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়