News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২১, ৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:২১, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের আগের দিন বাস চলবে, ভোটের দিন অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে

ভোটের আগের দিন বাস চলবে, ভোটের দিন অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে

জাতীয় নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি অধিকাংশ বাস সার্ভিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

ভোটের সময় বাস চলাচলে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকলেও পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেশির ভাগ চালক ও সহকারী ভোটদানের কারণে কাজে অনুপস্থিত থাকবেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ১১ তারিখে বাস চলবে। তবে ওই দিনের টিকিটের খুব বেশি চাহিদা এখনো দেখা যায়নি। ১০ ফেব্রুয়ারির টিকিটের চাহিদা তুলনামূলক বেশি।

ভোটের দিনের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে অধিকাংশ চালক ও সহকারী ভোট দেওয়ার জন্য ছুটি চেয়েছেন। ভোট শেষ হওয়ার পর রাতে কিছু সার্ভিস চালু হতে পারে।

এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের দিন ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা থাকবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

আরও পড়ুন: ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

তবে আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা, সংবাদপত্র পরিবহন ও চিকিৎসা সামগ্রী বহনকারী যানবাহনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করতে পারবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়