২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ
ফাইল ছবি
বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ এসব মামলা থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে।
এই আন্তঃমন্ত্রণালয় কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য দরখাস্ত আহ্বান করে। ভুক্তভোগী দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ৩৯টি সভায় আবেদনগুলো যাচাই-বাছাই করে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে।
আরও পড়ুন: ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
আইন মন্ত্রণালয় সূত্র জানায়, মামলা প্রত্যাহারের এই কার্যক্রম এখনো চলমান রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








