হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক চিঠি বাংলাদেশের
শরিফ ওসমান হাদি। ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সহযোগিতা চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওএইচসিএইচআরের কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠিয়েছে।
নোটে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনায় জাতিসংঘের সহযোগিতা কামনা করছে বাংলাদেশ।
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
আরও পড়ুন: পোস্টাল ভোটারদের জন্য জরুরি নির্দেশনা জারি করল নির্বাচন কমিশন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে পুনর্ব্যক্ত করেছে সরকার।
নিউজবাংলাদেশ.কম/এসবি








