পোস্টাল ভোটারদের জন্য জরুরি নির্দেশনা জারি করল নির্বাচন কমিশন
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ভোটারদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনায় বলা হয়েছে, পোস্টাল ভোটে নিবন্ধনকারী ভোটারদের আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় খামের ওপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করতে হবে এবং ব্যালট পেপার সংবলিত খাম নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
ইসি জানিয়েছে, পোস্টাল ভোটে নিবন্ধিত যেসব ভোটার এখনো কিউআর কোড স্ক্যান সম্পন্ন করেননি, তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ভোটারের ব্যালট বাতিল বলে গণ্য হবে।
নির্বাচন কমিশন আরও জানায়, ভোটের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতেই কিউআর কোডের মাধ্যমে এই ডিজিটাল যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা এবং দেশে অবস্থানরত ভোটারদের জন্য পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যালট পেপার পাওয়ার সঙ্গে সঙ্গেই ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং ভোট দেওয়া শেষে ব্যালট সংবলিত হলুদ খামটি নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে। এ ক্ষেত্রে খাম জমা দেওয়ার শেষ সময় ১০ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: নির্বাচনে সারাদেশে যান চলাচলে কঠোর বিধিনিষেধ, জানুন বিস্তারিত
ইসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানো নিশ্চিত করতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর ব্যালট পৌঁছালে তা ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
পোস্টাল ভোটে অংশগ্রহণকারী সব ভোটারকে নির্ধারিত সময়সীমা কঠোরভাবে অনুসরণ করে জাতীয় দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








