শ্রমশক্তি রফতানির প্রধান বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
ফাইল ছবি
শ্রমশক্তি রফতানিতে দালাল চক্রকে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, শ্রমশক্তি রফতানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, বিদেশগামীদের দালালদের হাত থেকে রক্ষা করতে হবে।
তিনি সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের মুক্তির উদাহরণ স্মরণ করিয়ে বলেন, তারা অনেক কষ্ট করে বিদেশ গেছেন। সেখানে আইন অমান্য করলে কী শাস্তি হবে তা জানলেও দেশের জন্য আইন ভাঙল। পরবর্তীতে ওই দেশের সরকারকে অনুরোধ করলে তারা মুক্তি পেল।
ড. ইউনূস আরও জানান, তার দায়িত্ব নেওয়ার পর আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনার মাধ্যমে ১৭ হাজার শ্রমিককে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করা হয়।
আরও পড়ুন: জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা
তিনি বলেন, দেখা গেছে, পুরো জগতটাই দালাল-সিন্ডিকেট ভরা। সরকার এখান থেকে অনেকদূরে। এ হলো বিদেশে যেতে চাওয়া মানুষের কপাল।
জাপানের শ্রম বাজারের পরিস্থিতিও তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জাপানের বহু শহরে টেক্সি বন্ধ হয়ে গেছে, ড্রাইভার নেই। মাইলের পর মাইল খালি জমি পড়ে আছে। তারা চাইছে, আমরা লোক পাঠাই। আমরা বললাম, এক লাখ মানুষ দিতে পারব, শুধু ভাষা শিখলেই তারা সেখানে কাজ করতে পারবে।
ড. ইউনূস আরও জানান, শ্রমশক্তি রফতানিতে পদে পদে দালালদের প্রতারণা মানুষকে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি বলেন, এই খাতকে দালাল মুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব নয়। পৃথিবীতে তারুণ্যের অভাব, আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামী। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের উপর আলোকপাত করেন।
তিনি বলেন, সরকার প্রবাসীদের অধিকার সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সক্রিয় পদক্ষেপ নিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








