News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত আমিরকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

জামায়াত আমিরকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ জানুয়ারি) এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

তিনি উল্লেখ করেন, নির্বাচনী প্রচারপর্ব থেকে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে জামায়াত যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা দিয়েছে, তার জন্যও বিশেষ ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

বার্তায় তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ এক চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছে। এ প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

আরও পড়ুন:  দেশের মানুষ পুরনো ব্যবস্থায় ফিরতে চায় না: আলী রীয়াজ

তিনি প্রত্যাশা করেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়