দেশের মানুষ পুরনো ব্যবস্থায় ফিরতে চায় না: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট ও দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন। এই রায় প্রমাণ করে, দেশের বৃহৎ অংশের মানুষ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না; তারা রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন ও সংস্কার চান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গণভোটের আগে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর দেওয়া ভাষণের উদ্ধৃতি দিয়ে আলী রীয়াজ বলেন, একটি জাতীয় রূপান্তর কখনও একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে টেকসই হতে পারে না। জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি এবং পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই। দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি মত প্রকাশের সুযোগ দিতেই গণভোটের আয়োজন করা হয়। জনগণ সেই আহ্বানে সাড়া দিয়েছেন এবং সংস্কারের পক্ষে জনরায় দিয়েছেন।
তিনি আরও বলেন, গণভোটের ফলাফলকে কেবল সংখ্যার বিচারে দেখলে হবে না। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন এবং আন্দোলনে অংশ নিয়েছেন তাদের অর্পিত দায়িত্বেরই প্রতিফলন এই রায়। এটি জনগণের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
আলী রীয়াজ বলেন, দীর্ঘ সময় ধরে যে রক্ত, অশ্রু ও নির্যাতনের ইতিহাস দেশ দেখেছে তার পুনরাবৃত্তি রোধে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের জনআকাঙ্ক্ষাই এই গণভোটে প্রতিফলিত হয়েছে। ২০২৪ সালে সার্বভৌম জনগণের যে অভিপ্রায় প্রকাশ পেয়েছিল, গণভোটের মধ্য দিয়ে তা পুনর্ব্যক্ত হয়েছে।
আরও পড়ুন: শপথ সোম-মঙ্গলবারের মধ্যেই: প্রেস সচিব
তিনি বলেন, সংস্কারের পক্ষে প্রকাশিত এই সুস্পষ্ট গণরায় বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। ক্ষমতাসীন দল, জাতীয় সংসদ, সংবিধান সংস্কার পরিষদ এবং সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে গণরায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








