তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ফেসবুকে একটি পোস্টে প্রফেসর ইউনূস বার্তায় বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন। আপনার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও আদর্শ আগামী দিনের পথকে আলোকিত করবে।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণে আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।
তিনি একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারেক রহমানের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
আরও পড়ুন: এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
প্রফেসর ইউনূস আশাপ্রকাশ করেন, দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সকল উদ্যোগ সফল হোক, এবং মহান আল্লাহ্ তাকে দেশের সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








